Updates

শিক্ষার্থীদের মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত মেধা, আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতার

শিক্ষার্থীদের মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের সুপ্ত মেধা, আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতার বিকাশে রাজশাহীর বাঘায় অবস্থিত দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’। প্রবাসে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের হাত ধরে আয়োজিত এই অনুষ্ঠান তরুণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছে বাড়তি উদ্দীপনা।

আজ সোমবার (২০ জুলাই) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। সৌদি আরবে অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সৌজন্যে এবং কমপ্লেক্স কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী হিফজুল কুরআন, হিফজুল হাদিস, হিফজুল মুতুন ছাড়াও বাংলা, আরবি ও ইংরেজি বক্তৃতা, গ্রন্থ পাঠসহ বিভিন্ন সৃজনশীল পর্বে অংশ নেয়। বিচারকদের চোখ ধাঁধানো উপস্থাপনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় স্মারক ও উপহার।

পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, প্রতিযোগিতা কেবল বিজয়ী নির্ধারণের আয়োজন নয়; এটি নেতৃত্ব ও স্বাবলম্বী মানসিকতা গড়ার এক যৌথ মঞ্চ। পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও নীতি-নৈতিকতায় বলীয়ান হয়ে গড়ে উঠতে হবে।

দূর প্রবাসে থেকেও শিকড় ও ছোট ভাইদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় সৌদি আরবে অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার পরিচালক ড. মোজাফফর বিন মুহসিন এবং প্রিন্সিপাল ড. মুকাররম বিন মুহসিন।

পুরস্কার বিতরণী শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। শেষ মুহূর্তে উপস্থিত সবার চোখে-মুখে ছিল এক সুন্দর ও সম্ভাবনাময় আগামীর আনন্দচ্ছটা।